জ্যোৎস্না ভরা বাড়ন্ত চাঁদ
পূর্ণিমা তিথিতে ধরাতলে,
রুপোলি স্নিগ্ধ আলোক ছড়ায়
বিম্ব আঁকে জলে জলে,
অরূপ বাতাস থমকে দাঁড়ায়
নিশীথ রাতে গরিব ঘরে,
খিদের আগুন জ্বলে পেটে
হাভাতে ওরা ধুঁকে মরে।
পুনম রাতে চন্দ্রকলার
আলো মোহিত উজল ফোটে,
হে মা লক্ষ্মী শস্যবতী
গরিবদের যেন অন্ন জোটে।
গরিব ঘরে অনন্ত এক
অন্ধকারের নিকষ জাল,
আজও দেখি অন্ন একাই
স্থির করে দেয় ভাগ্যকাল।
কোজাগরী পূর্ণিমায় মা
মর্তে আসো প্রতি বছর,
প্রার্থনা শুধু দুমুঠো ভাত
গরিব যেন পায় সারাবছর।
