অনর্গল রাজি আর অরাজি স্রোতের দায়িত্ব বয়ে
ক্লান্ত আমার শোভিত কঙ্কাল ।
হোক ক্ষনকাল , সাগর সম্মতি পেলে
মসৃণ মিশে যাবো গতিহীন নরম নাব্যতায় ।
ভাঙনের ভয় ভুলে , হাঁটুজল লজ্জার খিল খুলে
উপচানো গর্বের পালের মাস্তুল ফেলে
প্রশান্তির পূর্ণ পিপাসায় ।
মহার্ঘ্য ডোবার আগে দৃশ্যের গন্ধমাদন থেকে
বিশল্যকরণী বীজ পৃথক রেখেছি ।
অবাঞ্ছিত স্মৃতির জন্ম নয় আর ,
সাধারণ স্বপ্ন শ্বাসে শুদ্ধ সুখী সৌম্য সমর্পণ
শুধু এক বার ।
