মাটি জানে অবিকল অমলিন
প্রেমের দক্ষতা ,
বীজের অনন্ত চুমুর টানে
বটের নিত্যতা।
এ প্রেম মানব পেলে , পৃথিবীতে
ফলে যেতো সোনা ,
অহেতুক বয়ে যেতে নদী মনে
খেদ থাকতো না !
আপশোসে মেঘ কাঁদে , ভাবি বুঝি
বৃষ্টির ফোঁটা ,
অর্ধনমিত শোকে ঝর্ ঝর্
পৌষের বোঁটা !
— কে নয় অসুখী কবি ? দ্বাদশীর
চাঁদ এসে বলে ,
— কপালের টিপ থেকে ঝরে পড়ি
আঁধার অতলে ।
জেগে উঠি , পেয়ে যাই আশাবাদী
পঙক্তির দেখা ,
কিছু থাক , সব প্রেম পেয়ে গেলে
প্রকৃতি তো একা !
