স্মৃতির ইথার স্রোতে সকলেই হাত ধরাধরি
ভেসে ভেসে শব্দহীন সেতু হয়ে আছি ।
কোনও এ আশ্চর্য সালোকসংশ্লেষ এসে
দিয়ে যায় রোজ শ্বাসের রসদ ।
সময়ের ব্যস্ত লাইট হাউস ছোঁড়ে
আলোর নিশানা যেখানে যেমন ।
আঁধার পেয়েছি মুখে সেই দুখে অভিমান করি ,
আলো পেলো যারা তারা উল্লাসে ।
ভুলে যাই সময়ের কাছে কেউ নই অসমান
আগুপিছু দূরবীণে বাড়াকমা শুধু ।
মহা এক জটিল জেটির ভীড়ে লাইনেই আছি ।
যেহেতু ভুলিনি সাথী দীর্ঘ মিছিলে
সতেজ কানকো ফুলে টগবগে ফুসফুস নিয়ে
আমরা এসেছি তীরে , মাটি মায়া মা !
হতে পারে ভুল বোঝাবুঝি
তবুও ভালোবাসার সেইসব ক্ষণ , সত্য ছিলো
সত্য থেকে যাবে আমরণ ।
কখনও কী বাসি হয় , বুনিয়াদি ভালোবাসাবাসি !
