যারা মরে গেছে, তারা বেঁচে গেছে
যারা বেঁচে আছে, তারা ফেঁসে আছে
যারা রাজা হয়ে রয়ে গেছে, তারা মোদের ভিখারি বানিয়েছে
যারা লড়াই করেছে, তারা পরাধীনতার যন্ত্রণাতেই শহীদ হয়েছেন
যারা গাছ লাগিয়েছে, তারা ফল পায়নি
যারা ফল পেয়েছে, তারা জল দেয়নি
যারা ঘুমিয়ে ছিল, তারা জাগতে পারেনি
যারা জেগেই রয়েছে, তারা এখনো ঘুমোতেই পারেনি
যারা ভাত নিয়ে ভাবতে ভাবতে জাত খুইয়েছে
আবার যারা জাত নিয়ে ভাবতে ভাবতে ভাত খুইয়েছে
তারা উভয়েই———-
মূর্খের স্বর্গে বাস করতে করতে মূর্খতায় অন্ধ হয়েছে
তারা উভয়েই———–
কারোর না কারোর কাছে মেরুদন্ড বিক্রি করেছে
যারা লড়তে লড়তে মরছে,তারা লড়াইয়ের স্বাদ পেয়েছে
যারা মরতে মরতে সরছে,তারাই আবার মরার ভয়ে ছুটছে
যে গেছে সে আছে—- যে আছে সে গেছে—–
মিথ্যের ফুলঝরিতে কেবল রাজা-মহারাজায় সেজে আছে
দেশ ও দশের কারণে যারা জীবন বলে দিয়েছেন
তারা কি তবে আজ বিফলতার ব্যথার ভুক্তভোগী হচ্ছেন?
তাগি আর ভুগিদের গুষ্টি কুন্দনে বিভোর যখন সমাজ
আমি তুমি কি দেখব এই নতুন সকালে আজ?
যারা মরে গেছে, তারা বেঁচে গেছে
যারা বেঁচে আছে, তারা ফেঁসে আছে
যারা রাজা হয়ে রয়ে গেছে, তারা মোদের ভিখারি বানিয়েছে
যারা লড়াই করেছে, তারা পরাধীনতার যন্ত্রণাতেই শহীদ হয়েছেন।
