সকাল থেকেই হতচ্ছাড়া মেঘ
ঈশানকোণে মারছে দেখি উঁকি,
খানিক পরে রাস্তা হবে নদী
ঘরের থেকে আজ বেরুনো ঝুঁকি।
তবুও লোকে ছাতা নিয়ে হাতে
স্টেশন পানে উর্দ্ধশ্বাসে ছোটে,
সবার কী আর সুখী কপাল হয়
দিনখরচ কী এমনি এমনি জোটে?
রিক্সাওয়ালা কিংবা যে হয় কুলি
তারাই জানে এমন দিনের কষ্ট,
কামাই ছাড়া গেলে একটি দিন
পরের দিনে হরিমটর স্পষ্ট।
ওদের জন্য ভাবার কথা যাদের
নিজের আখের নিয়েই ব্যস্ত তাঁরা,
তাইতো এরা এমন বাদল দিনে
দিগ্বিদিকে ছুটছে পাগল পারা।
কবিরা সব বৃষ্টিবিলাস হলে
লিখে ফেলে অনেক অনেক কাব্য,
আমি কিন্তু দিনটা এমন হলে
খেটে খাওয়া লোকের কথাই ভাবব।।
