ভ্যাপসা গরম মানুষ কাহিল
রুজি রোজগার চলে দেখি,
উপায় বিহীন পথে নামা
রোদের তাপে ঝলসায় সেকি।
বাতাস উধাও পৃথ্বি পরে
ধরিত্রী মা রেগে আছে,
বৃক্ষকর্তন করতেই হবে
নগরায়ণ হচ্ছে কাছে।
বৃষ্টি তুমি কোন সুদূরে
মানুষ ত্রাহি ত্রাহি রবে,
কি অপরাধ! বলো মোদের
নিরপরাধ! আমরা ভবে।
শাস্তি পাবে দস্যু তস্কর
যারা তোমার ক্ষতি করে,
কুঠার ঘায়ে মারছে তোমায়
বন সরিয়ে ভবন গড়ে।
ভারসাম্য যে নষ্ট হলো
বাঁচার উপায় খোঁজো তবে,
গাছটি লাগাও জীবন বাঁচাও
বীজের বপন করো ভবে।
