লোটানো রোদের মতো । বিনয়ী শরীরী মনে
ছুঁয়েছি আদুল সুখে । সুখের ভিতরে শূল
শোয়ানো রোমের কূপে । আহত ঈশান কোণে
অশ্বনাড়ির নাভি । খুঁড়ে কী করেছি ভুল ?
জেনেছি মেদের মোম । গলালে আগুনে টুপ্
শীতল শিরার নীচে । হাড়ের হরফে টাপ্ !
পড়েছি মগজে সিঁড়ি । রোগের পিঁড়িতে ঝুপ্
উদোম দিনের ফাঁকে । বেদম রাতের ছাপ ।
দেখেছি পুরোট পুরো । পোষাক ছাড়ালে ছাল
ছালের ভিতরে মন । জড়ালে জীবন পার ।
প্রেমের দৈর্ঘ্যে আমি , জয়ী । কুহু -কঙ্কাল !
” আজু কি আনন্দ ” মূলে । তুমি বীজে টংকার…
