বৈশাখ মাস শেষ প্রায় হায় আতপ প্রখর ধরা,
কালবোশেখীর দেখা নাহি মেলে দিগন্তময় খরা।
রুদ্র তেজেতে জমি ফুটিফাটা শ্রান্ত জনজীবন,
বরুণের গতি ধীর ভাব অতি সইছে না তর মন।
ধরাতল মাঝে এসো কালবৈশাখী ঝরাও বারিধারা,
জীবজগৎ যে দিশেহারা আজ দহনে পাগলপারা।
অগ্নিদগ্ধ মধ্যাহ্ন যে কাটাতে পারি না আর,
এসো তুমি ত্বরা কালবৈশাখী স্বস্তি হোক সবার।
স্বেদ বারিধার বহে অনিবার ওষ্ঠাগত পরান,
‘লু’ বয় বাতাসে ধরণী ঝলসে ডাকে তোমা আপ্রাণ।
জলভরা মেঘ নিয়ে এসো ধেয়ে বৃষ্টি দাও ভরি,
তব পরশে স্নিগ্ধ কর ধরা দগ্ধতা দূর করি।
এসো এসো এসো কালবৈশাখী ধরা চেয়ে তব পানে,
করি আহ্বান বাঁচাও ভুবন দাবদাহ প্রাণ হানে।
