চাইতে চাইতে চাইতে চাওয়ার চাহিদা কমে যায় ।
পুরোনো পোষাকের মায়া ছাড়তে পারি না
নতুন জন্মে যাবার প্রজাপতি স্বপ্নও না ।
বৈরাগী বিকেলের প্রতিভা নেই
জমাট যাপন বরফে জমতে হাঁসফাঁস ।
ভেবেছিলাম চিরসবুজ ছায়া হবো তোমার
বয়সী যৌবনের শেষ ঋতুর বিষাদে ,
আচ্ছন্ন হয়েই রইলাম , শেষের আচ্ছাদন হওয়া হলো না ।
সংযমী মধ্যবিত্ত মাটির দেয়ালে
সাংসারিক পদ্ম সুখও ধরতে পারলাম কই !
কীর্তিমান মেঘ কিংবা সৃষ্টিবান বৃষ্টি নয়
শরৎ জীবনের পেঁজা তুলোর উপমা হয়ে
আপাতত যন্ত্রস্থ আছি
প্রকাশিতব্য কোনও কাল্পনিক নীরবতা উৎসবের অপেক্ষায় ।
