রাস্তার খাবার খেতে মজা দাঁড়িয়ে খাও পথে
কোলকাতাতে অল্প দামে ভোজন সারার মতে।
ডেকার্স লেনে খুব সকালে ভোরের নাস্তা খাবে,
অফিস পাড়ায় ভাতের দোকান সর্ব পদই পাবে
ইডলি সম্বর দোসা চাটনি কলাপাতায় রবে
ভেজিটেবল মোমো স্যূপের তুলনা নেই কবে।
চিলি চিকেন ফ্রায়েড রাইস চাউমিন আহা আহা
হিং কচুরী ছোলার ডালে ভূঁড়িভোজে বাহা।
আলুকাবলী ফুচকার সাথে তেঁতুলের জল দিয়ে
বিরাট ঢেঁকুর তুললে তুমি আহ্লাদের সুখ নিয়ে।
কালিকার চপ বাদ দিয়ো না যত্নে তৈরী করে
গরম গরম মোচা চিংড়ি মুখের কাছে ধরে।
চা কফি ভাই মোড়ে মোড়ে লেড়ি বিস্কুট সাথে
আড্ডা বসে বেঞ্চিতে ভাই মাটির খুঁড়ি হাতে।
বরফ গোলায় রঙিন রসে বিচিত্র রূপ রহে
চেটে চেটে খাচ্ছে যত ঠাণ্ডার ভাবটি বহে।
বুড়ির মাথার পাকাচুল খাই ছোট্ট বাচ্চা হয়ে
রঙিন সরবৎ প্যারামাউন্টে খাবে রয়ে সয়ে।
পথে ঘাটে ঝালমুড়ি আর ভেলপুরীতে ঠাসা
বিকেলতে মাঠ ময়দানে খাবার নামে আসা।
মণ্ডা মিঠাই দধি রাবড়ি আইসক্রিম ও আছে
কুলফি মালাই সিদ্ধি মালাই ডাকে জোরে পাছে।
কুলচা চানা গরম গরম ইয়া বড় পাতে
পেট ভরে যায় দুটোখেলেই আর খাবো না রাতে।
কাটা ফলে সাবধান থেকো মাছির বসা থেকে
আখের রসে বিশুদ্ধ জল দিতে হবে ঠেকে।
অসুখ বিসুখ আসতে পারে ভাবনা চিন্তা কোরো।
ছাতু মাখা উপাদেয় রাস্তার খাবার ধোরো।
খাবার আগে হাতটি ধোয়া পরিস্কার জল দিয়ে
তৃপ্তি করে খাবে এবার সুগন্ধ বাস নিয়ে।
