জ্বর গায়েতে কেঁপে উঠছে বুনো ভালুক ছানা
হাকিম বৈদ্য খোঁজে বনে শহর যেতে মানা।
বুনো লতার সন্ধান দিলো ধনেশ পাখি শেষে
মুখে চিবোয় জংলী পাতা ছানা উঠলো হেসে।
জ্বরের চিহ্ন নেই শরীরে হাওয়ায় গেল উড়ে
কৃতজ্ঞতায় গড়াগড়ি ফল এনে দেয় ঘুরে।
মিষ্টি হাসি দিল ছানা ধনেশ মাথা নাড়ে
পাখা মেলে দূর আকাশে বনে ছানা বাড়ে।
অনেক বছর বাদে দেখি ধনেশ সাথে নাতি
ভালুকের যে সংসার বড় চারটে ছানা সাথী।
হিংসা বিদ্বেষ নেইকো সাথে জমাট আড্ডা চলে
ভালুক ধনেশ বন্ধু ভীষণ বনের পশু বলে।
মিলেমিশে অসময়ে বন্ধু পাশে থেকো
নীতি মেনে বাঁচে তারা সদ্ভাব সদা রেখো।
কেমন লাগলো তোমরা বলো ভালুক ধনেশ কথা
জান কবুল ভাই বিপদেতে না হলে পাই ব্যথা।
এটাই নিয়ম মানতে হবে বনে থাকবে সুখে
আনন্দেতে গাইছে পাখি শিসটি ধরে মুখে।
