শীত শীত হিমের মেখলা
ধীরে ধীরে গুটিয়ে আসছে
ঋতুচক্রের ঘর্ঘর ঘুড়ির লাটাই-এ ।
আমারও কি আকৈশোর বন্য প্রেমের টান
আলগা হালকা হচ্ছে কালের কামড়ে !
অশরীরী এ অমূল্য সম্পদ হারানোর ভয়ে
ঘেমে উঠি ত্রিপ্রহর মাঘের প্রান্তরে ।
গুটিসুটি শুয়ে আছে শস্য হারা ক্ষেতের বিষাদ ।
আমিও কি তাদের মতো
নির্জনে পুড়ে পুড়ে অনুর্বর হবো ?
এ পৃথিবী হারিয়েছে ডাইনোসর প্রেম ,
এ পৃথিবী বহুবার ভূকম্পে ভেঙ্গে খানখান ,
এ পৃথিবী ফুটন্ত লাভা বুকে আজও ফলবান ।
এ জীবনে শত শত জন্ম নিয়েছি ।
তবু আমিও তো ধরে আছি
আমারই প্রথম মুখ মুখের ভিতরে ।
অ- পান্থ পান্থ পথে এটুকু জেনেছি ,
প্রেমের প্রথম টান , তার পরিমাণ
সমমাপে ধরে রাখা
দুরূহ শ্রমের ধ্যান , অঘটন অসম্ভব নয় !
