অসমবয়সী প্রেমের দুটি সমান্তরাল পাতায় আমরা
একটি কুঁড়ির চুম্বন নেশা ছাড়াতে পারছি কই !
আমাদের দৃষ্টিতে বৃষ্টি আরও ঘন হচ্ছে
ভিজিয়ে দিচ্ছে আমাদের স্বপ্ন শরীর ।
গার্হস্থ্য গোড়ায় জলের মেদ জমলেই
প্রেমের বিশুদ্ধ স্বাদ খেয়ে নেয় শেকড়ের প্যাচপ্যাচে মাটি ।
আমরা সাবধানে সরিয়ে দিচ্ছি ঘেঁষাঘেঁষি ঘামাচির ক্লান্তির ঘাম ।
দূরত্বের ছায়া মাখলেই নৈকট্যের নরম রোদ্দুর ।
আমরা ক্রমশ পক্ক হচ্ছি প্রেমে ,
যতক্ষণ না আমাদের তুলে নিয়ে যায়
চা- নামক চর্যাপদের রূপক আশ্রম ।
নতুন জন্মের পেয়ালা আর ঠোঁটের উষ্ণতার ফাঁকে ,
স্মৃতিধর কুঁড়ির প্রশ্রয়ে যুগে যুগে মুগ্ধতা পেতে দেবে
সাংসারিক শীত শুষে , আড়ামোড়া পাতার আরাম !
