তুমি নিবিড় তাকালে এক ঝিরিঝিরি দৃষ্টিনদীর
জন্ম হয় আমার উজান উপত্যকায় ।
ছড়ানো ছিটানো গোধূলি পাখনার পড়তি ছায়াদের
একঘর নিয়ে উঠি উঠতি রোদের বাগানে ।
আশ্চর্য ভাবনার মিলে তুমিও তোমার কল্প- পালকির
প্রজাপতি পর্দা ঈষৎ ফাঁক করে টুকি দিয়ে বলো
— এবার কিশোর মেঘের দোলনা দুলিয়ে দাও
ঊষসী সূর্যের ডালে আবডালে ,
আমি কিশোরী বৃষ্টির বেসামাল বিনুনি হতে চাই ।
বয়সী সময়ের শরীর ছোট হতে হতে
আবারও ব্রজের বনে আমাদের হাতে হাতে
অনাদি রাস দৃশ্যের যযাতি ইচ্ছে জোগায় ।
তুমি আমি একসাথে তমালের পাতে পাতে
অপূর্ণ প্রেমের কবিতা পেতে যাই ।
