বইটা পড়ে ফেললাম
প্রচ্ছদ থেকে পরিচ্ছেদ
প্রতিটা লাইন, শব্দ, বর্ণ
এমনকি কমা, পূর্ণচ্ছেদও।
কিন্তু, আমায় পেলাম না।
বার বার পড়ে আত্মস্থ করলাম
আপোষ, কর্তব্য, দায়িত্ব বোধ,
সবই খুঁজে পেলাম আটান্ন পৃষ্ঠার
এই পোক্ত বাঁধনের বইয়ে।
কিন্তু, আমায় পেলাম না।
তের বছরের সেই আমি,
নির্জীব পুতুল ছেড়ে এসে
জীবন্ত পুতুল বুকে জড়ালাম।
ত্যাগ, তিতিক্ষা শিখলাম
কিন্তু, আমায় পেলাম না।
লোহায় পান দানের মতো
আমাকেও ঠান্ডা গরমের
আবর্তনে পোক্ত করা হলো।
গৃহস্থের উপযুক্ত করতে
কিন্তু, আমায় পেলাম না।
বইটির পাতায় পড়লাম
রামায়ণ, মহাভারত, গীতা।
চার ধাম তীর্থের সমান পুণ্য
অর্জনে নিশ্চিত করলাম দেবলোক।
কিন্তু, আমায় পেলাম না।
আটান্ন বছর এক বইয়ের
পাতায় পড়ে থাকলাম।
একটা, নিদেনপক্ষে একটা
বর্ণে যদি আমি থাকি।
কিন্তু, আমায় পেলাম না।
অভিমান, অনাদৃত এই বইয়ের
প্রতিটা লাইন সোনার মতো,
ঝলমল করছে আভিজাত্য
বৈভব আর সম্মানের দর্পে।
কিন্তু, আমায় পেলাম না।
কথা ছিলো তো,
বইয়ের প্রতিটা পাতার ভাঁজে,
আমি থাকবো।
জীবন সায়াহ্নে নিরালায় বসে
পুরানো বইয়ের গন্ধে,
আমায় পাবো।
তবুও, আমায় পেলাম না।
