লক্ষ্মণখোলার ভূত
পাল্টু মাতব্বরের কুটবুদ্ধির তুলনা নেই। বাদী-বিবাদী দুই পক্ষের কাছ থেকেই টাকা খায়। যার টাকার অঙ্ক বেশি, তার বিচার সাধারণত সেই দিকেই হেলে পড়ে। থানায় দালালিও করে। কাউকে বিপদে পড়তে দেখলেই আশ্বাস দেয়,
–চিন্তা কইরো না। থানায় আমার হাত আছে। দারোগার লগে কথা কইয়া সব ঠিক কইরা দিমু। অবশ্য দারোগা হয়তো তার নামও জানে না।
পাল্টুর আরেকটা গুণ আছে। সে নিজেকে ভূতবিশারদ মনে করে। ভূতপ্রেত নিয়ে তার জ্ঞান নাকি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদেরও হার মানাবে।
একদিন বিকেলে বাগবাড়ীর বাজারে কাশেম কুঁজোর চায়ের দোকানে বসে পাল্টু ভূত সম্পর্কে জ্ঞান বিতরণ করছিল।
–ভূত বইলা দুনিয়ায় কিছু নাই। সব মানুষের মনের ভুল। অন্ধকারে কলাগাছ দেইখা মানুষ ভূত মনে করে। কাশেম কুঁজো কেটলি থেকে চা ঢালতে ঢালতে বলল,
–তাই নাকি মাতব্বর সাব? ভূত সম্বন্ধে আপনার এত জ্ঞান?
পাল্টু গোঁফে তা দিল।
–জ্ঞান মানে! ভূত নিয়া যা পড়াশোনা করছি, তাতে পিএইচডি পাওয়ার যোগ্য!
–তাইলে ভূত দেখলে চিনতে পারবেন?
–চিনমু না মানে! ভূতের চৌদ্দগুষ্টির ইতিহাস কইয়া দিতে পারমু।
কাশেম মুচকি হাসল।
–ধরেন, ভূত আপনার লগে যদি কথা কয়?
–কথা কইলে জবাব দিমু। তর্ক করলে তর্ক করমু। দরকার হইলে থাপ্পড়ও দিমু।
কাশেম কুঁজো এবার একটু ঝুঁকে এল।
–তাইলে একটা কথা কই, মাতব্বর সাব। বাগবাড়ী পার হইয়া লক্ষ্মণখোলা চরের শেষ মাথায় যে নীল দোচালা ঘরডা আছে, ওইখানে এক রাইত থাকতে পারবেন?
–পারমু না ক্যান? আমারে ভয় দেখাইয়া লাভ নাই। আমি পাল্টু মাতব্বর!
কাশেম চায়ের কাপটা তার সামনে এগিয়ে দিল।
–তাইলে বাজি ধরেন। ওই বাড়িতে এক রাইত থাইকা ফজরের আজানের পর ফিরতে পারলে আপনার দুইডা খাসি পাওনা।
পাল্টুর চোখ চকচক করে উঠল।
–আর না পারলে?
–আপনের দুইডা খাসি আমার।
পাল্টু টেবিলে চাপড় মেরে বলল,
–রাজি! খাসি দুইডা রেডি রাইখো।
কাশেম কুঁজো দাঁত বের করে হাসল।
–খাসি রেডিই আছে, মাতব্বর সাব। শুধু রাইতটা পার করেন।
পরদিন শনিবার সন্ধ্যা নামতেই পাল্টু হারিকেন, লাঠি, কম্বল, বালিশ আর পান-সুপারির বাটা নিয়ে লক্ষ্মণখোলার উদ্দেশে রওনা দিল। বাগবাড়ী পেরিয়ে চরের শেষ প্রান্তে পৌঁছাতে পৌঁছাতে চারদিকে অন্ধকার নেমে এসেছে।
সামনে প্রকাণ্ড পুকুর। অধিকাংশ জায়গা কচুরিপানায় ঢাকা। বেগুনি ফুলগুলো অন্ধকারে কেমন অস্বাভাবিক দেখাচ্ছে। মাঝখানে কালচে স্থির জল। সেই জলের ওপর আড়াআড়িভাবে পড়ে আছে বিশাল এক মরা গাছ। তার শুকনো ডালপালাগুলো যেন অন্ধকারে হাত বাড়িয়ে আছে। পুকুরের ডান পাশে লতাপাতা আর ঝোপঝাড় মিলে তৈরি করেছে একটা প্রাকৃতিক গেট। তার নিচ দিয়ে সরু আঁকাবাঁকা পথ ঢুকে গেছে ঘন জঙ্গলে।
পাল্টু হারিকেন উঁচিয়ে এগোল। হঠাৎ ঝোপের ভেতর থেকে খররর… খসখস… শব্দ হলো।
–কেডা রে?
কোনো উত্তর নেই। আরও কয়েক পা এগোতেই কুয়াশার ভেতর থেকে একটা গলা ভেসে এল,
–এই পথ দিয়া কই যান?
পাল্টু থমকে দাঁড়াল। সামনে একটা লোক দাঁড়িয়ে আছে। লম্বা, রোগা, কাঁধ পর্যন্ত এলোমেলো চুল। গায়ের রং হলদেটে। দাঁত দেখলেই বমি আসে। পরনে ময়লা লুঙ্গি। তার চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে।
–তুমি কেডা?
–জগলু হরিদ্রা।
–এই জঙ্গলে কী করো?
–থাকি।
–বাড়িঘর নাই?
লোকটা হাসল।
–আছে তো। এই জঙ্গলই আমার বাড়ি। ঐ শ্মশান আমার রান্নাঘর। আর এই পুকুর আমার উঠান।
পাল্টু বিরক্ত হয়ে বলল,
–পাগল! তোমার লগে আলাপ করার সময় নাই।
জগলু হরিদ্রা এমন এক অট্টহাসি দিল যে জঙ্গলের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে প্রতিধ্বনিত হতে লাগল। পাল্টু ধমক দিল,
–হাসো ক্যান?
–আপনে বড় মজার মানুষ, মাতব্বর সাব। জীবিত মানুষের বিচার করেন, আবার মৃত মানুষের ঘরে রাইত কাটাইতে আইছেন!
–মৃত মানুষ আবার ঘরে থাকে নাকি?
–থাকে না বুঝি? আচ্ছা মাতব্বর সাব, একটা প্রশ্ন করি। মানুষ মরলে ভূত হয়। কিন্তু ভূত মরলে কী হয়?
পাল্টু একটু থতমত খেল।
–ভূত আবার মরে নাকি?
–মরে না?
–না।
–তাইলে আমরা কি বাঁইচা আছি?
পাল্টু চমকে উঠল।
–আমরা মানে?
জগলু হরিদ্রা উত্তর দিল না। ধীরে ধীরে দূরে চলে যেতে লাগল। পাল্টু দেখল, লোকটার পা মাটিতে পড়ছে না। মাটি থেকে প্রায় এক হাত ওপরে ভেসে ভেসে সে যাচ্ছে।
–এই! দাঁড়াও!
জগলু হরিদ্রা শুধু ঘাড় ঘুরিয়ে এমন এক হাসি দিল যে পাল্টুর গায়ের লোম খাড়া হয়ে গেল। তারপর হঠাৎ অদৃশ্য হয়ে গেল। পাল্টুর বুকটা ধক করে উঠল। তবু নিজেকে সামলে বলল,
–চোখের ভুল। নিশ্চয়ই চোখের ভুল!
জঙ্গলের ভেতরে নীল দোচালা ঘরটা দাঁড়িয়ে আছে। মরিচা ধরা টিনের চাল। দরজার কাঠ পচে গেছে। ঘরের ভেতর থেকে স্যাঁতসেঁতে গন্ধ বেরোচ্ছে। পাল্টু হারিকেন নিয়ে ঢুকতেই মুখে একগাদা মাকড়সার জাল জড়িয়ে গেল।
–ধুর শালা!
হাত দিয়ে জাল সরিয়ে চারদিকে তাকাল। এক পাশে একটা পুরোনো কাঠের চৌকি। চৌকির ওপর ধুলোর এমন আস্তরণ যে আঙুল চালালে দাগ পড়ে। পাশে পড়ে থাকা একটা ময়লা কাপড় দিয়ে চৌকি ঝাড়তে গিয়ে শুরু হলো হাঁচি।
–হ্যাঁচো! হ্যাঁচো!
বিরক্ত হয়ে কাপড়টা দরজার বাইরে ছুড়ে মারল। মাটিতে পড়ার আগেই কাপড়টায় আগুন ধরে গেল। আগুনটা ঢোলের তালে নাচতে লাগল। একপর্যায়ে ধূমকেতুর মতো শোঁ করে আকাশে মিলিয়ে গেল।
পাল্টু হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। তারপর নিজেকে অনেক কষ্টে সামলে কম্বল বিছিয়ে চৌকিতে বসল।
–খাসি দুইডার লাইগা কী কষ্টটাই না করতে হইতেছে! রাজী হওয়াটা ঠিক হয় নাই! লোভে পাপ, পাপে…
আর ভাবতে পারল না সে।
হারিকেনটা পাশে রেখে একটা পান মুখে দিল। রাত যত গভীর হতে লাগল, জঙ্গলের শব্দ তত অদ্ভুত হয়ে উঠল। কখনো মনে হয় কেউ টিনের চালে হাঁটছে। কখনো পুকুরে ভারী কিছু পড়ার শব্দ। আবার কখনো ঘরের চারপাশে কে যেন ঘুরে বেড়াচ্ছে। পকেটে হাত দিয়ে দেখল মানিব্যাগটা ঠিকঠাক আছে। এটা সঙ্গে আনা বড়ই বোকামি হয়েছে। হাজার বিশেক টাকাও আছে। গতকালই একটা জমির সালিশে দুই পক্ষের কাছ থেকেই টাকাগুলো পেয়েছে। মানিব্যাগটা বের করে কম্বলের ভাঁজে লুকিয়ে রাখল।
একসময় বাইরে থেকে জগলু হরিদ্রার গলা ভেসে এল,
–মাতব্বর সাব, ঘুমাইছেন?
পাল্টু বিরক্ত হয়ে বলল,
–না। কী চাও?
–একটা বিচার আছিল।
–রাইতদুপুরে আবার কীসের বিচার?
–আমার গাছটা কে জানি কাইটা পুকুরে ফালাইয়া রাখছে। তিনশো বছর ধইরা বিচার পাই না।
–সকালে আইসো।
–সকাল তো আমার হয় না, মাতব্বর সাব।
–ক্যান?
–সূর্য উঠলে আমারে আর দেখা যায় না।
পাল্টুর গলা শুকিয়ে এল।
–তুমি… তুমি কি ভূত?
বাইরে থেকে অট্টহাসি শোনা গেল।
–আপনে না ভূতের পিএইচডি করবেন? আমারে চিনতে পারলেন না?
তারপর টিনের চালের ওপর ধুপধাপ শব্দ। পাল্টু হারিকেন হাতে দরজার কাছে গেল। দেখল, পুকুরের মাঝখানে পড়ে থাকা মরা গাছটার ওপর জগলু হরিদ্রা বসে আছে। পা দুটো জলের ওপর ভাসছে। কিন্তু আশ্চর্য, তার পা ক্রমশ লম্বা হয়ে পুকুরের এপার পর্যন্ত চলে আসছে।
পাল্টু দ্রুত দরজা বন্ধ করে দিল।
–আল্লাহ গো! এ কোন বিপদে পড়লাম!
ভয়ে চৌকির ওপর উঠে কম্বল মুড়ি দিল। কিছুক্ষণ পর চৌকির নিচ থেকে খসখস শব্দ শোনা গেল। পাল্টু প্রথমে ভাবল ইঁদুর। তারপর শুনল, কেউ যেন নিচে বসে পান চিবোচ্ছে।
চপচপ… চপচপ…
পাল্টু লাঠি দিয়ে চৌকির নিচে খোঁচা দিল।
–কেডা রে?
নিচ থেকে মৃদু গলা এল,
–মাতব্বর সাব, এত খোঁচাখুঁচি করেন ক্যান?
গলাটা খুব চেনা মনে হলো। পাল্টু চৌকি থেকে নেমে হারিকেনটা নিচু করল। অন্ধকারে দুটো চোখ জ্বলজ্বল করছে।
–কেডা তুমি?
–চিনতে পারলেন না?
পাল্টু আরেকটু ঝুঁকল। ঠিক তখনই অন্ধকার থেকে একটা লম্বা মুখ বেরিয়ে এসে তার ডান বাহুতে কামড় বসাল।
–আআআহ!
পাল্টু চিৎকার করে উঠল। চৌকির নিচ থেকে খিলখিল হাসি।
–পিএইচডি করবেন না, মাতব্বর সাব?
পাল্টু আর এক মুহূর্ত দাঁড়াল না। দরজা খুলে এমন দৌড় দিল যে হারিকেন, লাঠি, কম্বল, পান-সুপারির বাটা, মানিব্যাগ সব ঘরেই পড়ে রইল।
জঙ্গলের সরু পথ ধরে ছুটতে ছুটতে শুনল জগলু হরিদ্রা চিৎকার করছে,
–মাতব্বর সাব! বিচার না কইরা যান কই?
একবার পিছনে ফিরে দেখে হরিদ্রার ডান হাতটা লম্বা হয়ে তার পিছু নিচ্ছে।
পাল্টুর প্রান যায় যায়। সে আর পেছনে তাকাল না। প্রাণপণে দৌড়াতে লাগল। কিন্তু যতই দৌড়ায়, পথ যেন আর শেষ হয় না। একই বটগাছ, একই ঝোপ, একই বাঁক বারবার সামনে আসছে। একসময় দূর থেকে ফজরের আজান ভেসে এল। সঙ্গে সঙ্গে চারদিকের কুয়াশা পাতলা হতে লাগল। জঙ্গলের ভেতর পাখির ডাক শোনা গেল। পাল্টু দেখল, সে পুকুরের পাশেই দাঁড়িয়ে আছে। সামনে বায়ে বাগবাড়ী যাওয়ার পথ। আর এক মুহূর্তও দেরি করল না। কোনোমতে বাড়ি পৌঁছে বিছানায় পড়ে গেল।
পাল্টু একটানা ৩০ ঘন্টা ঘুমিয়ে পরদিন ঘুম ভাঙল দুপুরে। পাল্টুর সারা শরীর ব্যথা। ডান বাহুটা ফুলে আছে। সেখানে কয়েকটা দাঁতের গভীর দাগ। তার বউ ফুলী বললো
–এতো ঘুমও মাইনসে ঘুমায়? আর তোমার হাতে কিয়ের দাগ? কে কামড় দিচ্ছে লুচ্চা বেডা?
–তুমি যাবে এখান থেকে?
ফুলী ভয় পেয়ে পালালো
পাল্টু হাফহাতা শার্টের হাতা টেনে কোনোমতে ঢেকে রাখল বাহুটা।
কিন্তু দিনের আলোয় রাতের ভয় অনেকটাই কেটে গেল। মনে পড়ল বাজির দুইটা খাসির কথা। সে তো গত পরশু ফজরের আজানের পরই জঙ্গল থেকে বেরিয়েছে। কাজেই খাসি দুটো তার পাওনা। অবশ্য ঘরে থাকতে পারেনি, কিন্তু সে কথা কাশেম জানবে কী করে? তার ওপর গ্রামের লোকজনকে নিজের বীরত্বের কথাও শোনাতে হবে।
গোসল সেরে খেয়েদেয়ে, পাটভাঙা লুঙ্গি পরে, গোঁফে তা দিয়ে পাল্টু বাগবাড়ীর বাজারে হাজির হলো। তখন দুপুর। চায়ের দোকান বন্ধ। অন্ধকারে কাশেম কুঁজো একা দোকানের ভেতরে কেটলি মাজছে।
পাল্টুকে দেখে মুচকি হাসল।
–কী মাতব্বর সাব, সেই রাইত কেমন কাটল?
পাল্টু বুক ফুলিয়ে বেঞ্চে বসল।
–বেশ কাটছে। ভূত-টুত কিছু নাই। সব মানুষের বানানো গল্প। এবার খাসি দুইডা রেডি করো।
কাশেম চোখ বড় করে বলল,
–মাতব্বর সাব, আপনার ডান বাহুতে কী হইছে?
পাল্টু তাড়াতাড়ি জামার হাতা নামিয়ে দিল।
–কিছু না। জঙ্গলে কাঁটার ঘা লাগছে।
কাশেম মাথা নাড়ল।
–তা হইবার পারে। এই নেন আপনার মানিব্যাগ।
পাল্টু চমকে উঠল।
–তোমার কাছে কী করে এল?
কাশেম কুঁজো এবার দাঁত বের করে হাসল।
–আইবো না ক্যান? আরে, আমিই তো ভূত! আফনেরে কামড় তো আমিই দিছি!
পাল্টু হা করে তাকিয়ে রইল।
–তুমি… তুমি ভূত?
–বিশ্বাস হয় না? এই দেখেন, গায়েব হইলাম!
কথা শেষ হতে না হতেই কাশেম অদৃশ্য! একটি কেটলি এদিক সেদিক শূন্যে ভাসছে। পাল্টু মাতব্বর বেঞ্চ আঁকড়ে ধরল। মুখ দিয়ে কোনো কথা বেরোল না।
হঠাৎ তার পেছন থেকে কাশেমের গলা শোনা গেল,
–মাতব্বর সাব, এত ভয় পান ক্যান? ভূতের লগে তর্ক করবেন, থাপ্পড় দিবেন কইছিলেন না?
পাল্টু ঘাড় ঘুরিয়ে দেখল, কাশেম আবার কেটলির পাশে দাঁড়িয়ে আছে।
–তুমি… তুমি ওই ঘরে আছিলা?
–ছিলাম তো! চৌকির নিচে বইসা পান খাইতেছিলাম। আপনে লাঠি দিয়া এমন খোঁচাখুঁচি শুরু করলেন যে কামড় না দিয়া উপায় আছিল না।
পাল্টু কাঁপা গলায় বলল,
–আর ওই জগলু হরিদ্রা?
কাশেম মুচকি হাসল।
–ওনার বিচার তিনশো বছরেও হয় নাই। আপনে তো মাতব্বর মানুষ। বিচারডা কইরা দিতে পারতেন!
পাল্টু চুপ করে রইল। কাশেম তার হাতে মানিব্যাগটা তুলে দিল।
–টাকাগুলা গুইনা দেখেন। পুরা বিশ হাজার আছে। ভূত হইলেও আমরা মানুষের মত চোর বাটপার না।
পাল্টু মানিব্যাগ খুলে দেখল। টাকাগুলো ঠিকই আছে।
কাশেম আবার বলল,
–তয় একটা কথা। আপনে বাজিতে হারছেন। ফজরের আজান পর্যন্ত ঘরে থাকেন নাই। জঙ্গলে দৌড়াইয়া বেড়াইছেন। দুইডা খাসি আমার পাওনা।
পাল্টু মাথা নিচু করে বসে রইল।
–আর আপনার হাতে মলম লাগাইয়া দিই। আমার কামড়, আমারই মলম লাগবো!
কাশেমের মুখের ভেতর থেকে একটা ছোট মলমের কৌটা বেরিয়ে এল। পাল্টুর চোখ কপালে উঠল। কাশেম তার ডান বাহুতে মলম লাগিয়ে দিল।
আশ্চর্য! সঙ্গে সঙ্গে ব্যথা উধাও। ফোলা কমে গেল। দাঁতের দাগও মিলিয়ে গেল। পাল্টু নিজের বাহুর দিকে তাকিয়ে হতভম্ব।
কাশেম হাসতে হাসতে বলল,
–কী মাতব্বর সাব, ভূত নিয়া পিএইচডি করবেন না?
ঠিক তখনই পাল্টুর হাত থেকে মানিব্যাগটা পড়ে গেল। পাল্টু মাতব্বর বেঞ্চ থেকে গড়িয়ে মাটিতে পড়ে অজ্ঞান হয়ে গেল।
পরদিন সকালে পাল্টু নিজের দুইটা খাসি কাশেমের দোকানে পৌঁছে দিল। কাশেম তখন দোকানে নেই। পাল্টু আর অপেক্ষা করল না।
সেদিনই জমির সালিশের দুই পক্ষকে ডেকে তাদের কাছ থেকে নেওয়া বিশ হাজার টাকা ফিরিয়ে দিল। তারপর নতুন করে সালিশ বসিয়ে ন্যায্য সিদ্ধান্ত দিল।
সেদিনের পর পাল্টু মাতব্বর আর কোনোদিন কাশেম কুঁজোর চায়ের দোকানে যায়নি। লক্ষ্মণখোলার সেই রাতের কথাও কাউকে বলেনি। তবে তার একটা পরিবর্তন দেখে গ্রামের লোকজন অবাক হলো। পাল্টু মাতব্বর এখন আর সালিশে টাকা খায় না। সে এতো ভাল কেমনে হইল!
