শাসনে আমাকে বাঁধতে চাইছো
করছো হুকুম জারি?
বাঁধলেই আমি নদী হবো জেনো
এটুকু বলতে পারি
গতিপথে তুমি তুলবে প্রাচীর
পথে ঢালবে নুড়ি ও পাথর?
ততই আমি দৃঢ়তা বাড়িয়ে
হব অধিক শক্তিধর
কোন এক সেই বৃষ্টির দিনে
সব ঢেউগুলো নিয়ে
বেপরোয়া ভাবে পড়বো আছড়ে
সমস্ত ক্ষোভ দিয়ে
ভাসাবো তোমায় ভাসাবো সেদিন
করছো শাসন ও বারণ ?
অকারণে তুমি বাঁধতে চেও না
নেই তার কোনো কারণ
মুছে ফেলো যত সন্দেহ
আর চেয়েছো যা কৈফিয়ৎ
ভেঙে দেবো সব ভেঙে দেবো আমি
তোমার সাধের বানানো বাঁধ
পারবে সেদিন পারবে বাঁচাতে
বারবার দেখো ভেবে
তাই আমাকে বাঁধার চেষ্টার আগে
শেখো নিজে সাঁতরাতে
