ভোর রাতে ঘুম ভেঙ্গে ব্যালকনিতে দাঁড়াতেই
কয়েকটি নক্ষত্র আকাশ থেকে টুপ টুপ
করে খসে খসে পড়ল আমাদের বাগানে-গাছে,
সারা বাগান জুড়ে যেন আলোর বন্যা বইছে
মোহনা ভাসে তরঙ্গে, যেন বেথেলহেমে যিশু ,
আসছেন তিনি আমাদের মাটির দাওয়াতেই ।
দৌড়ে ঘরে গিয়ে প্রবেশ করতে শুনলাম তুমি
চুড়িতে সঙ্গীত তুলে আবেশে পাশ ফিরলে ,
আমি তোমার পাশে শুয়ে সব কথা দ্রুত বলেছি,
তুমি হেসে আমার নাকে টুসকি দিয়ে বলেছিলে-
ভিতু, ডরপুক কোথাকার! অবাক হয়ে তখন ,
ডরপুক আমি , তোমার দিকে তাকিয়ে রইলাম ।
