পশ্চিম আকাশে ফুটে উঠেছে একটি উজ্জ্বল নক্ষত্র –
পুবের আকাশে জোছনায় মাখামাখি পূর্ণিমার চাঁদ
তখন বৌদ্ধিক উপলব্ধিতে জারিত –
বৈশাখী পূর্ণিমায় জন্ম নিচ্ছেন সিদ্ধার্থ …
নক্ষত্রের সাথে কথা বলি –
শৈশবের স্মৃতি আসে –
বিলের কাছে 55 নম্বর বাড়ি ,
অদূরে অলকানন্দা বয়ে যায়
জেগে ওঠে চেতনায়
তুলসী মন্ডপে তখন ধূপের গন্ধ
দূরের নক্ষত্র ছুঁয়ে ভাসে –
পৃথিবীর সকল প্রান্তে মুখর সেই অনুভূতি
ছুঁয়ে যায় সকল মানুষের অন্তর
সন্ধ্যা হয়ে এলো –
দূরে কোথায় একটি কোকিলের করুন প্রতিক্ষা
সঙ্গী পাখিটি এখনও আসেনি কি নীড়ে !
ডেকে যায় –
দু একটি পাখি অন্ধকারে তখনও
ভারি ডানা ক্লান্ত প্রক্ষেপনে উড়ে যায়
সন্ধ্যার অন্ধকারে ঢেকে যায় চরাচর-
কেবল গোধূলির গন্ধ আসে –
বহু দূরে ডেকে যায় বিলের কাছে আমাদের 55 নম্বর বাড়ি
অদূরে অলকানন্দা তির তির বয়ে যায় …
সেখানে মায়ের হাতে তুলসী মণ্ডপের প্রদীপ
আর ধূপের সৌরভে চিরন্তন মায়া সাতরায় …
