একদিন ভালোবেসে অযুত বিশ্বাসে
পরিয়েছিলাম বরণ মালা তোমায় ,
দিয়েছিলাম স্থান হৃদয়ের গোপন মণিকোঠায়।
একমুহূর্ত না দেখে থাকতে পারতাম না
মনে হত তোমায় ছাড়া জীবন অচল,
দুজনে হেঁটেছি কত আঁকাবাঁকা পথ
কল্পনায় ভাসিয়েছি দুজনের স্বপ্নের রথ।
কখনও মনে হয়নি সব কিছুই আলেয়া
অলক্ষ্যে বসে দাবার ঘুঁটি সাজান যিনি,
পাশা খেলার ময়দানে চোখের পলকে
যখন তখন দান উল্টে দিতে পারেন তিনি।
হঠাৎ উঠল ঝড় ভয়ঙ্কর-
কালবৈশাখীর তাণ্ডবে লন্ডভন্ড জীবন,
ভালোবাসা উড়ে হাওয়ায় মিলিয়ে গেল।
মুহূর্তে তছনছ সুখের নীড়,
হৃদয় ফেটে চৌচির।
ছোট ছোট স্বপ্ন সুখের ইচ্ছে ডানারা
ভয়ে আতঙ্কে পালিয়ে গেল উড়ে,
আজও একাকী প্রহর গুণি শূন্য নীড়ে।
অনূভুতির ভাঁড়ারে জমা শেষ ভালোবাসাটুকু কখন যেন বীতশ্রদ্ধায়
ধীরে ধীরে পরিণত হল ঘৃণায় !
চরম সর্বনাশের শেষপ্রান্তে শূন্য হৃদয়ে
ভাবি,এরেই কি তবে ভালবাসা কয় ?
