ফুটে থেকো তাজা কবিতায় স্মৃতি -ফুল
মনে থই থই ছুঁই ছুঁই আগ্রহ ,
বিরহের মেঘে জোয়ারের কুল কুল
মিলনে জীর্ণ টানের উপগ্রহ ।
শুরুয়াৎ নীলে তিলোত্তমার তিল
আমি-ই গড়েছি টন টন মূল-তানে ,
ছোঁ মেরে মন মজালে , ম্যাজিক- চিল
হামলা -হাওয়া যে আমার-ই বৃক্ষ -বানে !
আলো -প্রেম পেতে প্রকৃতিও একমুখী
আলো জ্বেলে যাই আঁধারেই , উদাসীন
কবিতা হবার সম্মতি পেয়ে , সুখী
কীভাবে মেটাবো শত শব্দের ঋণ ?
সাধারণ চুলে একশো শ্রাবণী ঢেউ
ঠোঁট চুম্বনে বিপাশা নিম্নচাপ ,
উপমার কড়ি চাইনি তো জীবনেও
অন্তের মিলে সাজিও জন্মতাপ …
