বৃদ্ধ সর্ষে শীষ থেকে আস্তে আস্তে খসে পড়ছে শীর্ণ শীত ।
সদ্য আঠারোর শিমূল বাতাসে উড়ি উড়ি বসন্ত বিমান ।
স আর ব-এর অনুপ্রাস অলঙ্কারের ভারে
জমে চলেছে প্রৌঢ় কবিতার মেদ ।
জাবর ভাবনার বাঁধে আটকে উঠতি অনুভূতি ।
অতি পক্ক অশীতিপর শব্দ জীবনের যৌগিক অক্ষর
কীভাবে লিখবে জেন- জেড মননের আকরিক ভাষা !
জমানো পৌরাণিক বোধ পূর্ণ শূন্য করেও
উত্তর – ডি এন এ -এর মনে
আমার কিছুতেই ঢুকতে না -পারার স্বপ্ন দৃশ্য দেখে
বিছানারও ঘুম ভেঙে যায় !
হে জাতক শস্যগণ , এক মুঠো বিবর্তন বীজ মাধুকরী দেবে ?
আমি নই , শতাব্দী শেকড়ের অত্যাধুনিক মেঘনাদ
জেন – আলফা মেঘের আড়ালে অপেক্ষায় ।
