পুঁইশিশুর শিশির শয্যায় সবুজ আলোর মতো
সহজ কবিতা লিখবো বলে’
মুনিয়ার সকাল দমে ‘ সহজ পাঠে’র সরগম
হবার চেষ্টা করেছি বারবার ।
কী বিরাম আরামে মস্ত তারার আকাশ
শুয়ে আছে ছোট্ট ডোবার কোলে –ধরতে পারিনি !
নীল সাহেবের চষে -যাওয়া মাটির বাগানে
যুগ যুগ শস্য পরাগে কতবার চুপছাপ ভ্রমরের ভেলা
খেলা করে গেলো — খেয়াল করিনি !
ফিরে তাকানোর বৃক্ষ সময় থেকে যখন
এক পাতা ছায়া চুরি করে দেখলাম
ততক্ষণে আমার হাঁটুর বয়সী ‘আবোল’ মেঘ
গলে গলে চিরহরিৎ ‘তাবোলে’র সুকুমার নদী হয়ে গেছে !
প্রকৃতির ‘যেমন খুশি সাজো ‘র স্বেচ্ছাবর পেয়েও
নাবালক বৃষ্টির মতো খিলখিল আনন্দে
পুঁই জীবনের মাচান সঙ্গী হতে পারলাম কই !
