এই রাত আর রাত পেরিয়ে ভোর,
পাখির কুজন,শীতল আবহাওয়া-
পদ্মপাতায় শিশির বিন্দু ;স্ফটিক কণা,
গাছে গাছে ফুল ফুটবার অপেক্ষায়।
বড় শান্ত পরিবেশ, নিশ্চুপ চরাচর
অরুণ আলোর বিচ্ছুরণ হতে শুরু করেছে –
চারিদিক রক্তিম বর্ণে রঙিন হচ্ছে,
ল্যাম্পপোষ্টের আলোগুলো ম্লান হতে শুরু করেছে।
মনের ভেতরে আলোড়ন, কারুর আগমনের ধ্বনি ;
অপেক্ষায় থাকা রাতগুলি, আজ অনেক দূরে
আজ যে তার হবেই আগমণ,
হবে যে প্রতীক্ষার অবসান।
মনে যে আসন পাতা রয়েছে তার জন্য
সে এসে, এই আগোছালো মনের ঘরে কোথায় বসবে!
এই মনটাই যে তার বসতঘর-
সে নিজেই গুছিয়ে নেবে জানি।
এতোদিনকার বিনিদ্র রজনী, অপেক্ষায় থাকা চোখদুখানি,
আজ হবে যে তার অবসান –
আজকেও বিনিদ্র রজনী যাপন,
ঘুমিয়ে গেলে, সে যদি ডেকে ফিরে যায়
আজ যে তার হবেই বরণ ;
ঘুম তো হবে বরণের পরেই
শান্তির নিদ্রা যাপন, মনমন্দিরের আসন যে পূর্ণ তখন।।
