এই যে তুমি নেই কাছে নেই
তাতে কি আর কাঁদছি নাকি,
ভেবেছিলে হারিয়ে দেবে
কিন্তু আজও ছবি আঁকি।
ছবি আঁকি আগের মতোই
তখন তোমায় ঠিক পেয়ে যাই,
হৃদয় মাঝে তোমার বসত
অহর্নিশি তাই কাছে পাই।
কাছে পেয়েও মন ভরে না
আরও নিবিড় পেতাম যদি,
তবে কি আর বান ভাসি হয়
চোখের জলের অথৈ নদী?
অথৈ নদী যায় বয়ে যায়
অচিনপুরে দূরের দেশে,
এই জীবনের সুখগুলো সব
সেই সে বানে গেল ভেসে।
ভাসুক তাতেও নেই ক্ষতি নেই
দুঃখ নিয়েই না হয় থাকি ,
সবার কি আর কপাল ভালো
জুটে সবার সুখের পাখি?
সুখের পাখি উড়াল দিলে
সাধ্য আছে ধরি তাঁকে,
তবুও আমার এ পোড়া মন
শুধুই তোমায় ছবি আঁকে।।
