দোর গোড়াতে দাঁড়িয়ে আছে
রঙিন সাজে ফাগুন,
লাল পলাশে সেজেছে রঙে
লালে রাঙানো আগুন।
শিমুল বনে শিসের সনে
ডাকছে কুহু কাননে,
কতক ফুলে ভোমরা বসে
হুল ফোটালো আননে।
দোলের দিনে আবির নিয়ে
খেলা চলবে সকালে,
স্নানের শেষে নতুন বেশে
মিঠাই খাবে বিকালে।
ওরে পলাশ ওরে শিমুল
আজ রঙেতে মেতেছে,
পথের পাশে সবুজ ঘাসে
রাঙা বাসর পেতেছে।
মাদল বাজে ধিনাক ধিনা
বোলে তুলেছে লহরা,
নাটক হবে রাতের বেলা
কত চলেছে মহরা।
ফাগুন দিনে বাঁশির ধুনে
মন কেমন করেছে;
নাচে ছন্দে কত রঙ্গে
পায়ে নূপুর পড়েছে।
আমের বোলে সুবাস তোলে
অলি মধুপে ছুটেছে,
পাগল হলো গন্ধে অলি
ফুল সুবাসে ফুটেছে।
