সবকিছু মেলে নাকি ? কিছু থাকে স্ব- বলে
বাদল ইন্দ্রজিতে , বাকি সব বিমলে ।
সব হলে থোড়বড়ি , কারা হবে ইন্দ্র ?
রাত্রিরা নাক ডাকে , স্বপ্ন বিনিদ্র ।
অমলকান্তি আছে , তাই রোদ কবিতা
ছায়াদের বানভাসি , মেঘেদের ভনিতা ।
তবুও অন্ত্যমিল কেন খুঁজি বারবার ?
জীবন নয়তো সোজা , পাকে পাকে জেরবার ।
আসলে মিলতে চাই চুম্বক মনে মন
চড়কের পাটা বলে– আগে ঘোর ত্রিভুবন ।
এবং ছিটকে পড়ি বোস্টন বরফে
কলকাতা কেঁপে ওঠে বিষাদের হরফে ।
এইভাবে শেষ হবে ? তাহলে তো হতাশা !
হেঁটে চলে হরি লুট , সাথে সাথে বাতাসা ।
