মনের ভুবন জীবন খোঁজে
অনুভূতির আঁকর টান,
অবাক হয়ে চেয়ে থাকে
দূর আকাশের নীল উঠান।
মনের ডাকে ছুট্টে চলে
জমে থাকা একটু প্রাণ,
মনের ভুবন হাতছানিতে
দিচ্ছে সুখের চিঠি খান।
সুখের আভাস প্রণয় আবেশ
কাঁটার আবেগ দিচ্ছে ক্ষণ,
মনের বাক্সে বন্দি আছে
মলিন ভাষার ক্ষুন্ন মন।
বিলোয় চিঠি এপার ওপার
কাঁধে ঝোলা মস্ত এক,
ছুটছে ভিন্ন খোঁজ খবরে
পৌঁছে দেবে মিথ্যে ডাক।
অপেক্ষাতে রয় বিশ্বাস
মনে গাঁথা অকুতোভয়,
ভালোবাসার অনুরাগে
চুপকথাদের বিরহ জয়।
মনের ডাকে বাক্স ভরে
সাদা পাতার টুকরো কাঁচ,
বিঁধছে হৃদয় ছিন্ন করে
রক্তধারার নেই তো আঁচ।
ফন্দি আঁটে ওই ঘরেতে
কান্না হাসির অট্টহাস,
ব্যঙ্গ করে ভঙ্গুর আয়না
আজও দৃঢ় পরিহাস।
মনের ভুবন পাখির পালক
নরম পরশ অনুভব,
বাঁশির মধুর সুরের আঘাত
হৃদ কমলের তীক্ষ্ণ রব।
মনের ডাকে বাক্স জমাট
আজও কালির স্পষ্ট কথা
ফিরিয়ে দিলাম অনেক কিছু
রইল পড়ে নীরব ব্যথা।
ছিলো আছে চিরকালই
রঙিন ফাগুন প্রণয় ঘর,
চুপ কথাদের লেখে কপাল
রানার কাঁধে আপন পর।
