হরেক নামের বাহার যে ভাই
কলকাতা ওই শহরে,
প্রশ্ন করলে হোঁচট খাবে
আজব খবর বহরে।
তালতলাতে তাল টি কোথায়
বেলতলাতে নেই বেল,
আজব দেশ ওই কলকাতায় ভাই
মাটির নীচে রেল!
ছেলের নাম পদ্মলোচন
বাপমায়েতে রাখে,
চোখটি তুলে তাকায় যখন
বিশ্ব ট্যাঁরা দ্যাখে।
জ্ঞানবাবু বাক্যধারায়
বড়োই চটর-পটর,
বিদ্যের দৌড়ে অষ্টরম্ভা
সবাই রাখে খবর।
