হেলিওট্রোপের বাগানে রোদ্দুর -মুখী মসলিন -সকাল মেখে
তুমি এলে ।
আমার বিকেল -বয়স সময়ের শঙ্খ-সৈকতে দৌড়তে দৌড়তে
আমার-ই সৌর -যৌবনের শরীরে মিশে গেলে বলি
— এই যুদ্ধ -জগতের গনগনে গর্ভরাত পেরিয়ে আসতে
তোমার ভয় করলো না ?
তিরতির তিতির হাওয়ার মতো এক ভোর ঝিরঝির হাসি
ঝরালে সংলাপে
— বিস্তারিত প্রেম আমি , ভালোবাসার বর্মে বহমান ।
পৃথিবীর আমাজনে কত শত আগ্রাসী’ ইনকা’ দেখেছি ,
বৃষ্টির অরণ্যে ‘মায়া’র স্থাপত্য আর রহস্য শহর ।
আমার সংশয়ী শিরায় সত্যবতী শ্বাস ভেসে আসে
— চলমান কুরুক্ষেত্রে আকাশে বাজে’র হানা ,
অষ্টপদী টারান্টুলা স্থলে , অষ্টবাহু অক্টোপাস
নীল -কালো রক্তের জলে !
স্বয়ম্ভূ কবিতার শব্দ সাজে শেষে
— এরই মাঝে প্রকৃতির সমর্থনে
শীতল পেরু’র স্রোতে উষ্ণ এল নিনো ।
শুরুর সুন্দর বলে — বীজের মৃত্যু নেই , লেখো …
