ঘুম আসে না যে দিন দুচোখ জুড়ে
চিন্তার জাল মাথাতে কিলবিল,
যাও চলে যাও একলা চুপিসারে
তাকিয়ে দেখো রুপোয় ভরা ঝিল।
উদাস বিকেল ঝিমিয়ে আসা আলো
ক্লান্ত পাখির কুলায় ফেরার তাড়া,
পুবের কোনে মেঘ জমেছে কালো
ভাবনা হবে আপনি দিশেহারা।
মুক্তি খোঁজো বৃথাই সারা বেলা
বশ মানেনা যখন কোনো কিছু,
সারা জীবন ভাঙা-গড়ার খেলা
সফলতা ব্যর্থতারই পিছু।
এটাই জীবন এটাই বেঁচে থাকা
এগিয়ে চলাই জীবনধর্ম হোক,
ভালোবাসা ছড়িয়ে শুধু রাখা
খুঁজে ফিরি ভালোবাসার লোক।।
