একটি জীবন বড্ড ছোট , পাচ্ছি পাবো পুঁইয়ের মাচা
মাটিরই মন বুঝতে বুঝতে , শেকড় শীষেও বুদ্ধি কাঁচা !
একটি জীবন এমন কী আর , সাগরবেলায় বালির বাড়ি
কুঁচকে যাওয়া স্মৃতির বনে , সেই কিশোরীর শিউলি শাড়ি !
একটি জীবন এই তো সেদিন , ডুব সাঁতারে পুকুর ওপাড়
এক ছুট্টে দিঘীর পাড়-ই , জমতে জমতে মস্ত পাহাড় !
একটি জীবন সময় জিনে , ওই ছুটেছে পাগলা ঘোড়া
উড়তে উড়তে ইচ্ছে ঘুড়ির , ধপাস্ ঘুমও স্বপ্নে মোড়া ।
একটি জীবন যাঃ চলে ! আর চলতে চলতে একটু দেরি
শুধরে গেলেও প্রশ্ন ঠোঁটে , ডাকবে না কী দূরের ভেরী ?
একটি জীবন কম পড়ে যায় , ভালোবাসা ভাগের শেষে
হাজার জীবন পরেও পাবো , পূর্ণ পাওয়া পূর্ণ দেশে !
