দিনের মধ্যভাগেও কোথাও গোপনে রাত হাঁটে ,
তোমার ঘুমের ছায়া এসে পড়ে নিঃশব্দ মাঠে ।
অন্ধকারের ভিতরে এক অচেনা আলো জন্ম লয় ,
যেন মৃত পাতা ফিসফিস করে প্রাচীন অস্ফুট কথা কয় ।
আমার অন্তরের গভীরে কল্পনা নেমে আসে—
শিল্পীর চোখে সৃষ্টির ব্যথা মাঝ দরিয়ায় ভাসে ।
ম্লান অথচ দীপ্ত এক স্বপ্নের মতো –
যেন ধানক্ষেতে নীরব হাওয়ার আর্তনাদ শত শত ।
পুরোনো সম্পর্কের ক্ষত ফেটে রক্ত ঝরে ,
রাতগুলো নিঃসঙ্গ নদীর চরে ,তাসের ঘর গড়ে ।
সময়ের ভাঙা জানালায় শিউলি ফুলের গন্ধ।
কোনো স্রোত নেই, তথাপি অতীতের সনে বর্তমানের দ্বন্দ্ব।
তবু হঠাৎ কোথাও অল্প আলো,
আবার বেঁচে ওঠার অদৃশ্য ডাক লাগে ভালো ।
রাতের অপসারণ চলে গোপনে , দিনের আগমনে ।
আলো ভরে দিগন্তে , জাগে প্রাণ নব উজ্জীবনে।”
