Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » বিষাদ বরফে কুরুক্ষেত্র আগুন || Asim Das

বিষাদ বরফে কুরুক্ষেত্র আগুন || Asim Das

বিড়বিড়ে বিষন্ন শব্দ গন্ধ মেখে আমি এক
অসমাপ্ত কবিতার আঁকা বাঁকা বৃত্তে বসে আছি ।
অক্ষর বাগানের উপমা বৃন্ত থেকে
টুপটাপ ঝরে পড়ে আকন্দ দুপুর ।
আমি সেই দুপুরের পায়ে খঞ্জনার ঘুঙুর পরিয়ে
অনুপ্রাসের ইন্দ্রসভায় অলঙ্কারের অহংকারে নয় ,
বিরাট কন্যা উত্তরার অঙ্গন মঞ্চে পাঠাই ।
জীবনানন্দের উপমা বোধ গাঙুরের ভেলা উজিয়ে
মহাভারতের বৃহন্নলার শরীরে মিলেমিশে যায় ।

অজ্ঞাতবাসের বিষাদ বরফে উশখুশ গজিয়ে আছে
উদ্যোগপর্বের শমীবৃক্ষে এক কুরুক্ষেত্র আগুন ।
পৌরাণিক অনুষঙ্গের সুতোয় জুড়ে দিই
সাম্প্রতিক সময়ের হুবহু মিলের যন্ত্রণা ।
কবিতার হালে দাঁড়ে কালৌচিত্য দোষ সব
ভাবনার পালে পালে হাওয়া হয়ে যায় ।

এবং যতই থাক অপটু সৃজন আক্ষেপ ,
অভূতপূর্ব এই কাব্যিক স্বাধীনতা ছেড়ে
আঁটোসাঁটো শামুকের স্বপ্নহীন অলস স্বর্গে যেতে
একেবারেই রাজী নই মহর্ষি ব্যাস- মাইকেল ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *