দুজনের পথ বদলে গেল
তোমার ডাইনে, আমার বামে।
একই উদ্দেশ্য, একই আকাঙ্ক্ষা—
তবু দুটি পথ, দুই রকমের নিয়মে।
তোমার পথ—
স্বার্থের মসৃণ রাস্তা,
সৌন্দর্যের আলো, অর্থের ছায়া,
নিরাপদ, কাছের, সহজ।
আমার পথ—
নিঃস্বার্থের কাঁটা-ভরা ধুলো,
সৌন্দর্যহীন অন্ধকার,
অর্থহীন, প্রতিপত্তিহীন,
কঠিন— অনিরাপদ।
সামান্য এই অমিল।
তবু কী অপূর্ব মিল আমাদের—
দুজনেই বদলে গেছি।
তুমি কথা ভেঙে বদলেছ,
আমি কথা রেখে বদলে গেছি।
তোমার ফুল— গোলাপ, লালিমায় ভরা,
আমার ফুল— ধুতরা, বিষাক্ত সাদা।
তুমি কাচের টুকরোর উপর দিয়ে হেঁটে
উঠেছ প্রাসাদের সোনালি বারান্দায়।
আমি একই কাচের উপর দিয়ে হেঁটে
নিজেকে করেছি রক্তাক্ত, ছিন্নভিন্ন।
দুজনের সাথে ছিল পথ আর পাথেয়।
তুমি খুঁজেছ অপশন— হাজার কোটি দরজা,
আমি অপশনহীন— শুধু একটি পথ।
দুজনেই পথের কাঙাল ছিলাম।
তুমি বেছে নিয়েছ নিরাপদ প্রতিপত্তি,
আমি চলেছি অনিরাপদে—
শুধু তোমাকে দেওয়া কথার দায়ে।
এতটুকু অমিল ছাড়া
কী অপূর্ব আমাদের মিল।
দুইজন দুইদিকে—
তবু একই রক্তে, একই কষ্টে,
একই ভাঙা স্বপ্নের ছায়ায়
আমরা দাঁড়িয়ে আছি।
