চৈত্র রহে বায়ু বহে গরমের বেলা
বৃক্ষ তলে অলি দলে জোটে দেখি মেলা।
যাও কোথা ওই হোথা আম্র কুঞ্জ যেথা
শাখা পরে আম ভরে মধু পাব সেথা।
কহে বিশু ওহে যিশু শুনি একি কথা
বলে রাগে যাবো বাগে প্রাণে ধরি ব্যথা।
ঝড় আসে পাতা ভাসে আম্র পড়ে ধুপ
তুলে নেবে কিছু দেবে দুপুর নিশ্চুপ।
মালী হাঁকে পিছু ডাকে দৌড় দেয় দূরে
কিছু বাদে প্রাণ কাঁদে ফিরে আসে ঘুরে।
কিছু পেল বাকি গেল হাতে প্রাণ নিয়ে
ভয় পায় ঘরে ধায় কানা গলি দিয়ে।
মালী কালো বাবু ভালো বকাঝকা করে
শিশু তরে দিও ধরে গাছে কত ভরে।
মুখে হাসি ধরে রাশি ডেকে দেবে তবে
ভালো কাজে বাবু রাজে দীন সেবা ভবে।
