টিয়া চন্দনা করে বন্দনা
বেড়াতে চায় যে আকাশে,
দানা পানি খায় উড়ে যেতে চায়
মুক্ত মনেতে বাতাসে।
লেজঝোলা ডাকে এসে বসে শাখে
শিসের দোলার মগনে,
পিঞ্জরে পাখি অনুরোধ রাখি
মুক্ত করো হে! গগনে।
প্রকৃতির কোলে বিচরণে ভোলে
বিহগেরা হেসে কূজনে,
সবুজের শোভা অতি মনোলোভা
খুলে দেয় দ্বার সুজনে।
মন খুলে হাসে ডানা খুলে ভাসে
প্রতি পদে পদে চরণে,
কৃতজ্ঞ রহে টি টি রবে কহে
লজ্জাবতীর ধরণে।
ভরাবো যে গীতে শুনে তুমি প্রীতে
সাধু সাধু কবে সকালে,
আয় লেজঝোলা রূপে তুই ভোলা
উড়ে যাবি শেষ বিকালে।
তোমার পরাণ হবে খান খান
জড়িয়ে রাখো যে যতনে,
ফিরে ফিরে তাই ভালোবাসা পাই
আছি তব হৃদ রতনে।
