ডিসেম্বরের চৌদ্দ তারিখ
শীতের পরশ হিমেল বায়ে,
বলছে সবাই এবার বুঝি
শীতের ঠাণ্ডা ধরবে গায়ে।
রবি মামা উঠল জেগে
তপন তাপে ধরার বুকে,
শীতের বুড়ি কোথায় লুকায়
ঘরের পাখা চলে সুখে।
পাটে গেল সূয্যি ঠাকুর
অল্প স্বল্প ঠাণ্ডা রাতে,
মাতা ডেকে বলবে তখন
গরম জামা রেখো সাথে।
দূষণ কারন সবাই জানে
বৃক্ষ কর্তন সবার আগে,
উষ্ণায়নে দেশ যে ভরে
শীতকে কেমন আনে বাগে।
অসুখ বিসুখ করবে দেখো
গরম ঠাণ্ডার মাঝে পড়ে,
হাঁচ্চি হাঁচ্চি হেঁচে মরো
নাকের জলে রুমাল ধরে।
এলার্জী তাই হলে কাবু
দূষণ দোহাই সাথে রবে,
মায়ের দয়া গায়ের পরে
চিকেন পক্স নামটি কবে।
আমরা আছি কানটি পেতে
খেজুর রসের শুনব যে ডাক,
ঠাণ্ডা পড়ুক সবার আগে
শুনতে পাবে শিউলির হাঁক।
ঝপ করে যে আসবে নেমে
শীতের চাদর দেবে মুড়ি,
নামাও পোশাক রোদ্দুরে দাও
কথা শোনো পাকা বুড়ি।
সাবধান বাণী বাজবে পিছে
গরম জামা রেখো সাথে,
অফিস ফেরত লাগবে কাজে
জড়িয়ে গায় আরাম রাতে।
