“বৃষ্টি এলো হঠাৎ পথে
বুকে তোমার নিমন্ত্রণ”,
দেখতে তোমায় মন উতলা
মানেনা সে নিয়ন্ত্রণ।
পলাশপ্রিয়া দিলো চিঠি
আগুন রঙা খাম মাঝে,
হৃদ সায়রে উথাল পাথাল
প্রেম আবেশের ঢেউ রাজে।
পত্র লেখায় বার্তা সে দেয়
বসন্ত যে নেয় বিদায়,
আর কত কাল প্রিয়র তরে
থাকবি বসে অপেক্ষায়।
ম্লান হলো মোর রঙের বাহার
খেলবি কবে রঙ হোলি,
তাইতো প্রিয় বাসর সাজাই
বক্ষে ইমন প্রেম- কলি।
আসবে তুমি সয়না দেরি
মন উড়ানে দিই পাড়ি,
তোমার খোঁজে চলতে পথে
বৃষ্টি এলো বেশ ভারী।
মন খারাপি ব্যথা নিয়ে
ফিরছি যখন চুপ করে,
মেঘবালিকা বললো হেসে
আসবে প্রিয় আজ ঘরে।
