কার অভিমানে কৃষ্ণের মনে এমন গভীর ছোঁয়া লাগলো!
এতো প্রেম সুধার বারিধারা যে ঢাললো।
শৈল্পিক স্পর্শে শব্দের পিঠে শব্দ সাজিয়ে,
জলছবির কবিতা আঁকলো!
আকাশ মেঘের আজীবনের সখ্যতা ছিল।
ছিল আকাশ মেঘে রোদ্দুর ছায়া খেলা।
অভিমানের বাস্প মেখে,
মেঘ কন্যা দুনয়নে গোলাপি আবেগ সাজিয়ে ছিল,
বোকা মেয়ে, যার কথায় কথায় চোখে জল আসে।
তোমার বুকে অবিরাম ভালোবাসায়,
নিঃশব্দে বহুবার কড়া নেড়ে ছিল!
আকাশের বুকে ঢেউয়ের দোলা কি লেগেছিল?
মন কি বলেছিল? তোমার হৃদয়ের ঘরে কারুর স্থায়ী বসবাস! নিশ্চয়ই কেউ ছিল! হয়তো আছে, থাকবে, আবারও মেঘ কন্যা বৃষ্টি হয়ে ঝরবে!
তাল কাটা ছন্দে, হিজিবিজি কবিতা লিখবে!
মেঘ কন্যা জানে, নারীরা এমনই যেখানে দুঃখ পাবে, সেখানেই তারা হৃদয় দিতে প্রস্তুুত।
নারীরা এমনই একবার হারিয়ে গেলে,
ফিরে আসে না আর বৃষ্টির মতো।
