আহত সময়ের আর্তস্বর শুনেও
নিজেকে ভোলাতে পারি কপট নিদ্রায় !
একের পর এক মানবিক শব্দ পতনের দুঃসহ শোকে
কীভাবে অক্ষত রাখি স্মৃতির শরীর !
মানুষের মানচিত্র মোহনায় কেবলই মৃতদের উদ্বাস্তু ভাসে ।
কোথা গেলো হেমলক দানপত্র , শতাব্দী সভ্যতা ?
পৃথিবীর মোড়ে মোড়ে মনীষীর মায়াফুল ব্যর্থ ঝরে যায় ।
কোনও শাসক ব্যারাকে কী কবিতা পড়ানো হয় সকাল সন্ধ্যায় ?
আগামী দৃশ্যের আগাম পূর্বাভাস পেয়েও
পিপীলিকা প্রতিভায় ভাঙনের আগে বাবুই শিল্প শ্রমে
প্রকৃতির বাসা বীমাও বাঁচাতে পারছি কই !
তবুও একদিন অচিন্ত্য মৌতাতে ভরে উঠবে কৃতার্থ স্মৃতি ,
শুধু এই আশার আশ্রয়ে ধৈর্য্যের প্রাগৈতিহাসিক
টিকটিকির পেন্ডুলামে চিকচিক প্রতীক্ষায় আছি ।
