বিশ্বস্ত শব্দরা নির্বাক হয়েছে আজ,মস্ত সংসারে যত্ন করে গুছিয়ে রেখেছি না বলা কথাগুলো ,
স্বপ্নের ভেতর আদুরে সহজ পাঠ আমাকে ছুঁয়ে থাকে,
রক্ত পুষ্প মেঘ নীরবে সান্ধ্য
দরজার পাশে কড়া নাড়ে,
আমার হাতের তালুতে নির্লিপ্ত জীবন
লুটোপুটি খায়,
জন্মকালীন ঠিকানাটির উপর স্পর্শ করে দেখি সুখ ভিজিয়ে দেয় আমার অস্তরাগ,আঁকড়ে ধরি মায়াবী রোদ্দুর,
কালচক্রে মাটির উনুনের পাশে পূর্ণিমা নেমে এলে,জিওল গাছের নিচে বসে যতদূর চোখ যায় জ্যোৎস্না মাখানো রাস্তার দিকে তাকিয়ে থাকি,
প্রতিটি কাগজের শূন্য পাতায় রক্তক্ষরণ হয়,ক্লান্ত শ্রমিকের মতো ইষ্ট দেবতার নাম জপি
অপলক অপেক্ষারা ইতিহাস হতে থাকে,
গুল্মলতার মতো সংবেদনশীল
সংক্রান্তি চলে আসে আমার গ্রামে,কিন্তু আমাদের ডাকবাক্সটিতে কোন চিঠি আসে না আর।
