সকালবেলা পাখির মেলা
বাঁশবাগানে চলছে,
পরস্পরে উচ্চ স্বরে
নানান কথা বলছে।
আড়চোখে চায় কাকাতুয়া
খুনসুটি সব গুনছে,
ছোঁ মেরে নেয় মুখের খাবার
ভীষণ ঝগড়া শুনছে।
নালিশ জানায় দোয়েল বুলবুল
চিৎকারে কান ফাটল,
সকাল থেকেই ঝগড়া ঝাঁটি
দিনটা বিশ্রী কাটল।
চড়াই শালিক চতুর পাখি
কোমল স্বরে ডাকছে,
যেমনি কালো তেমনি গলা
কাক বাবাজি হাঁকছে।
সুখের দুখের বারোমাস্যা
সবাই মিলে করছে,
এডাল সেডাল উড়ে বেড়ায়
গায়ের পালক ঝরছে।
