শীতের দিনে রোদ পোহানো
পিঠে পিঠটি ঠেকিয়ে তোর,
ভালোলাগার সুখ আবেশে
নয়ন মুদে নেশার ঘোর।
কালবৈশাখী কখন এলো
দমকা হাওয়ায় সব উড়ালো,
সম্পর্কটা ঠুনকো হলো
ভাঙল ঝড়ে দিন ফুরালো।
অনেক পরে মুখের ছবি
মনদর্পণে জায়গা নিল,
খোলা চুলে বিলি কাটা
হৃদকোটরে ব্যথা দিল।
তোর কি আমায় মনে আছে
কলাপাতায় তেঁতুল মাখা,
আয়েশ করে সুখে খাওয়া
অল্প কিছু যত্নে রাখা।
কেমন আছিস! জানতে ইচ্ছে
মুটিয়েছিস! জন্ম দিয়ে,
ছেলেপুলে কটারে তোর
পত্র দিলে, দেখব গিয়ে।
চোরকুটুরী ঠাসা স্মৃতি
ফাঁক ফোকরে বাইরে আসে,
চোখের জলে মলিন কেবল
পুরানো দিন চোখে ভাসে।
