তোর প্রতিটি নেপথ্য দৃশ্যের স্বগত সংলাপ
ভাবনার কল্প- লেজারের বিনিদ্র আলাপে
কবিতার সাতসুরে বেজে বেজে
প্রকাশ্যে এক আষাঢ় ধ্রুপদের ঝালা হয়ে ঝরে ।
তুই মনে মনে ভাবিস্
‘এতো কথা জমে ছিলো এইটুকু মনের ভিতরে ‘ !
তুই কি জানিস্ , যত কথা মনে মনে বলি
সব যদি লিপিবদ্ধ হতো ,
জরিপের শেষ দাগ হেঁটে হেঁটে
পৃথিবীর পরিধি পেরোতো ।
আসলে শুরুর শপথ বোধহয়
ধরে রাখা যায় না শেষ অবধি ।
তাই এই লিপিকার প্রাথমিক শব্দ চালনা
উৎসের লক্ষ্য হারালো ।
সুতরাং, আর ধানাইপানাই নয়,
উৎসের ধারা কাঁধ মাঝনদে যায় ।
তোর একান্ত ভেতরের সাংকেতিক স্বর
যোগ্য শব্দের অনুবাদে যতটুকু থিতু ছাঁচে লিখি
স্মৃতিতে হোক বা আধুনিক ভূর্জপাতায় ,
তা হয়তো কবিতা নয়, কবিতার মতো ।
