আমাকে তোমার নিবিড় নাজুক আলো কুঁড়িগুলো দাও ,
আমি এক্ষুনি আমার হাজারো কবিতার আপাদমস্তক খুলে
সাদা পাতার খাঁ খাঁ বুক বিছিয়ে দিচ্ছি ,
তাতেও পূর্ণ ধরবে কী তোমার ফুটিফুটি মনের মঞ্জীর !
তোমার গন্ধমাদন খিড়কির অর্গলে যত সুপ্ত সিন্দুক আছে ,
তাদের গলিয়ে আমি তরললতার মৌলিক মাচানে তুলে দেবো ।
সেই অদৃশ্য মাচানের নীচে দুলবে তোমারই শৈশবের
প্রথম চৌকাঠ ডিঙোনো চাঁদ ,
কৈশোরের দূরবীণ – অনুবীক্ষণ দৃষ্টির মিশ্র বিস্ময়
আর যৌবন ফেনার বুদবুদে স্বপ্ন ভঙ্গের শুরুর ইতিকথা ।
অগোছালো স্মৃতিপথে , ক্লান্তির কোনও বিরাম আশ্রম নেই ।
যদি পরপর গোছানো জীবনের দৃশ্য ছড়াতে পারো ,
সময়ের শরীর গুটিয়ে আবারও লিখতে পারি
এক আশ্চর্য নতুন জন্মের শেষহীন সুখ সারি কথা ।
