অক্ষম মেয়েটা,
একচোখে মৃত্যু
আর এক চোখে জন্মের আকাল।
রোজ ক্ষুধার আগুন জ্বালায় যে তল্লাটে
সে তল্লাট ছিল ভবিষ্যতের কপাল!
শীতল জ্বর,
গভীর ঘুমে অভিশপ্ত আলো।
সাদা থান পরা এক প্রসূতি সভ্যতা
যে ছুটতে ছুটতে আছড়ে পড়ল মাটিতে,
যার প্রসব যন্ত্রনা মিশে গেল
কুকুর শিয়ালের উন্মাদ উল্লাসে,
কেউ কি শোনেনি তার চিৎকার?
কেউ কি শোনেনি
সে নবজাতকের প্রথম কান্না?
অতৃপ্ত শকুন,
অবশিষ্টাংশে খুঁজতে আসে উৎসব।
আতঙ্কে ছুটতে ছুটতে স্বপ্ন ভাঙ্গে যখন,
জীর্ণ মেয়েটাকে ঘিরে দাঁড়িয়ে
একদল মানুষের তুমুল বিবাদ!
কবর দেওয়া হবে?
নাকি শ্মশানে পোড়ানো হবে?
