Skip to content

Banglasahitya.net

Horizontal Ticker
বাঙালির গ্রন্থাগারে আপনাদের সকলকে জানাই স্বাগত
"আসুন শুরু করি সবাই মিলে একসাথে লেখা, যাতে সবার মনের মাঝে একটা নতুন দাগ কেটে যায় আজকের বাংলা"
কোনো লেখক বা লেখিকা যদি তাদের লেখা কোন গল্প, কবিতা, প্রবন্ধ বা উপন্যাস আমাদের এই ওয়েবসাইট-এ আপলোড করতে চান তাহলে আপনার লেখা আপলোড করার জন্য ওয়েবসাইটের "যোগাযোগ" পেজ টি ওপেন করুন।
Home » শস্য-প্রশস্তি || Premendra Mitra

শস্য-প্রশস্তি || Premendra Mitra

মাঠের শস্য গৃহে এল—
তার স্তোত্র রচনা করো কবি |

মানুষ ও পশু, আনন্দের বোঝার ভারে নত হ’য়ে এল
গৃহে ফিরে,
মরাই বোঝাই হ’ল |

ভূমি উত্কতাপের

মানুষ আরেকবার মৃত্তিকাকে দোহন করলে,
পূর্বে ও পশ্চিমে, উত্তরে ও দক্ষিণে,
ভারতে,—ফ্রান্সে,—-নীল নদীর তীরে,—-কানাডায়—

মৃত্তিকা মানুষকে অর্ঘ্য দিলে |
কেউ দিলে মমতায় মাতার মতো আপনা হ’তে,
কেউ অনিচ্ছায় কৃপণের মতো দিলে মানুষের পীড়নে,
সলজ্জ প্রিয়ার মতো কেউ নিজেকে গোপন রেখেছিলো
. এতটুকু ইঙ্গিতের অপেক্ষায় |

তবু সব মৃত্তিকাই দান করল ;–
মরুপ্রান্তরে নির্মম বালুকা-ভূমি আর উচ্ছলিত-সুধা নদী-কূল-ভূমি,
গিরিবেষ্টিত উপত্যকা আর সমতল প্রান্তর,
কালো ও রাঙা মাটি,
কঠিন ও কোমল,
যুবতী ও বৃদ্ধা |

শস্যের চির-নূতন জাতকের পুনরাবৃত্তি করো কবি |
—সবল পেশী ও শানিত লৌহফলকের মিলিত প্রয়াসে
মৃত্তিকা বিদীর্ণ হ’ল কবে,
ভূগর্ভের অন্ধকারে বীজের কারা বিদীর্ণ ক’রে
কবে শিশু-তরু বাহু বাড়ালো আকাশের সন্ধানে,
কবে মেঘ দিলে বৃষ্টির আশীর্বাদ, সূর্য আলোকের আর উত্তাপের ;

মাটি ও আকাশ জীবন-রসের,
কবে ধরণীর লজ্জা দূর হ’ল স্নিগ্ধ শ্যামলতার আবরণে,
আর আবার কবে মানুষ ধরিত্রীকে নিঃস্ব নগ্ন ক’রে রেখে গেল |

মাঠ থেকে শস্য এল গৃহে —ধান্য ও যব, গম ও ভুট্টা, জোয়ারি—
মৃত্তিকা ও মেঘ, সূর্য ও বায়ুর মিলন সার্থক হ’ল |

আকাশের আলো স্তিমিত হ’য়ে এল শ্রান্ত মানুষ ও পশুর সঙ্গে
আনন্দের অবসাদে |
সর্বস্ব রিক্ত প্রান্তরের নিঃস্ব হাহাকারের ওপর
রাত্রি বুলালে অন্ধকারের সান্ত্বনা |
কাল পৃথিবীতে ব্যস্ততা জাগবে, শস্য বহনের আর বিতরণের
আর হায়, লোভের সংগ্রাম |
আজ শান্তি !

মাঠের শস্য গৃহে এল,
এল মানুষের শক্তি ও যৌবন,
এল নারীর রূপ ও করুণা,
পুরুষের পৌরুষ,
ভবিষ্যৎ মানব-যাত্রীর পাথেয় |
সমস্ত ভাবীকালের ইতিহাসে, মানবের কীর্তি-কাহিনীর তলায়
অদৃশ্য অক্ষরে
এই শস্যের আগমনী লেখা থাকবে নাকি ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *