ভাঙছে দোকান সারি সারি
জবর দখল উঠল শেষে,
বুলডোজারের কঠিন ঘায়ে
রাস্তা কেমন উঠছে হেসে।
বলছে কানে ডেকে ডেকে
অত্যাচারের চিহ্ন বুকে,
ঝুপড়ি দোকান রাস্তা ভরে
পা ফেলতো সব অতি দুখে।
কত লোকের জামা ছিঁড়ত
কত পকেট কাটা হতো,
ভিড়ের গল্প জানা আছে
গলদঘর্ম মানুষ যত।
স্টেশন গুলো দোকান ভ’রে
ট্রলি নিয়ে হাঁটা কষ্ট,
লোকাল ট্রেনের যাত্রী কত
কপাল চাপড়ায় সময় নষ্ট।
চোখের জলে বুক যে ভাসে
আধিপত্য রাস্তা জুড়ে,
কাকে নালিশ করবে বলো
চোরের সাক্ষী মাতাল ঘুরে।
অবশেষে মুখ চেয়েছেন
দল বদলের হাতটি ধরে,
হকার মুক্ত করতে হবে
জবরদখল আছে ভরে।
দুহাত ভরে আশিস দিচ্ছে
শ্বাস প্রশ্বাসে হাওয়া ভরে,
হকার মুক্ত রাস্তা কেমন
বৃদ্ধা হাঁটে লাঠি ধরে।
বুলডোজারের বৈশাখী ঝড়
দোকান ভাঙে শান্ত ভাবে,
অন্যায় ভাবে জমি দখল
বিচার মানুষ এখন পাবে।
